
নিজস্ব প্রতিনিধি শিলচর ৬ ই জুলাই — গতকাল কৈবর্ত ডেভলপমেন্ট ফাউন্ডেশনের এক বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শ্রী সজল কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সংগঠনের বিস্তার, প্রচার ও প্রসার নিয়ে বিশদ আলোচনা করা হয়। তার মধ্যে অন্যতম হলো আসামের যে সকল এলাকায় কৈবর্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন সেখানে এই জনকল্যাণমূলক সংগঠনের শাখা গঠন করে ঐ সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে সভায় প্রস্তাব গ্রহণ করা হয়। এই মহতী উদ্যোগের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে এই সম্প্রদায়ের মানুষ ভোগ করতে পারেন তার জন্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে বিশদ আলোচনা করা হয়। সভাপতি শ্রী সজল কান্তি দাস বলেন যেখানে এই সম্প্রদায়ের মানুষ অসুবিধায় পড়বেন তারা যেনো এই সংগঠনের সাথে যোগাযোগ করেন ।
সভায় সভাপতি শ্রী সজল কান্তি দাস সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক অজিত দাস সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের এক বিবৃতিতে এই খবর জানা গেছে।




